Breaking News

এই প্রথম দিনাজপুরের সুস্বাদু লিচু রফতানি হচ্ছে ফ্রান্সে




এই প্রথম দিনাজপুরের সুস্বাদু বেদানা ও চায়না-থ্রি লিচুর একটি চালান এখান থেকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সে রফতানির জন্য পাঠানো হয়েছে। 


সরকারের উদ্যোগে দিনাজপুরে লিচু বিভিন্ন দেশে রফতানির জন্য আলোচনা চালিয়ে এই উদ্যোগ সফল হয়েছে। দিনাজপুরে উৎপাদিত এই বিপুল পরিমাণ লিচু মধুমাস হিসেবে পরিচিত জ্যৈষ্ঠমাসে বাজারে আসে। স্বল্প সময়ের মধ্যে এই সুস্বাদু লিচু শেষ হয়ে যায়। লিচু সংরক্ষণের জন্য দিনাজপুরে একটি অত্যাধুনিক হিমাগার এবং লিচু ও আমের পৃথক মৌসুমী বাজার স্থাপনের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে দিনাজপুর জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের জন্য নিদের্শ দেয়া হয়েছে বলে জানা গেছে।


সুত্রটি জানায়, দিনাজপুরের লিচু সবার কাছেই সমাদৃত। এবার এই জেলার লিচু প্রথমবারের মতো পাঠানো হচ্ছে ফ্রান্সে। এতে লাভবান হবেন কৃষকরা, উপার্জিত হবে বৈদেশিক মুদ্রা। আজ মঙ্গলবার দুপুরে প্রথম বারে মত ১৬ হাজার পিস বেদানা লিচু দিনাজপুর থেকে পাঠানো হয়েছে ঢাকায়। যেখান থেকে বিমানযোগে সেগুলো ফ্রান্সে পৌঁছাবে। 


লিচুর মান ঠিক রেখে এই চালান পাঠানো হচ্ছে। এর পরের চালানে ১০ হাজার পিস বেদানা এবং সাড়ে ৫ লাখ পিস চায়না-থ্রি জাতের লিচু পাঠানো প্রক্রিয়া চলছে।


ফ্রান্স ছাড়াও আরও কয়েকটি দেশে দিনাজপুরের লিচু পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে। 


দিনাজপুরের লিচুর আলাদা সুখ্যাতি রয়েছে। এবার প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জুড়ে জেলায় লিচু বাগান রয়েছে। এখান থেকে ৩১ হাজার ৭৯০ টন লিচু উৎপাদিত হবে। দিনাজপুরে যে পরিমাণে লিচু হয় তার চার ভাগের তিন ভাগই রফতানি করা সম্ভব। এর মাধ্যমে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে আনার সম্ভাবনা রয়েছে। 

No comments